নিষিদ্ধ দেশে ভ্রমণ ঠেকাতে সৌদির কঠোর আইন চালু

নিষিদ্ধ দেশগুলোতে ভ্রমণ রোধে নতুন কঠোর বিধান জারি করেছে সৌদি আরব সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ অনুমোদিত এই নতুন নিয়ম অনুযায়ী, নিষিদ্ধ গন্তব্যে ভ্রমণ করলে সর্বোচ্চ ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং সর্বোচ্চ দুই বছর ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে নাগরিকদের।

বুধবার (১ এপ্রিল) গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন বিধানে বলা হয়েছে, একই অপরাধ পুনরাবৃত্তি করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হবে এবং ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করা হতে পারে। কোন কোন দেশ নিষিদ্ধ তালিকায় থাকবে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।

এছাড়া, উচ্চঝুঁকিপূর্ণ বা সংঘাতপূর্ণ অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর হতে পারে। তবে কিছু সীমিত ক্ষেত্রে শাস্তি কমানোর সুযোগ রাখা হয়েছে, যেমন—পারিবারিক সম্পর্ক, স্বল্প সময়ের জন্য ট্রানজিট অবস্থান বা ৬০ বছর বা তার বেশি বয়সী ভ্রমণকারীদের ক্ষেত্রে।

নিয়মে আরও বলা হয়েছে, ভ্রমণ সংক্রান্ত নথিপত্রের জন্য আবেদন করার সময় মিথ্যা তথ্য প্রদান করলে সর্বোচ্চ ৫ হাজার রিয়াল জরিমানা এবং সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

অন্যদিকে, আরও গুরুতর অপরাধ যেমন— নথি জালিয়াতি, অপব্যবহার বা অন্য কাউকে অবৈধভাবে ভ্রমণ নথি ব্যবহারের সুযোগ করে দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।