দক্ষিণ ও পূর্ব লেবানন–জুড়ে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে পশ্চিম বেকা অঞ্চলের সাহমার অঞ্চলের একটি মসজিদে নামাজ শেষে বের হওয়া মুসল্লিদের লক্ষ্য করে ড্রোন ছোঁড়া হয়। এতে দুই মুসল্লির প্রাণহানি ঘটে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক এই হামলাগুলো অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।
সবচেয়ে প্রাণঘাতী হামলাটি ঘটে পশ্চিম বেকা অঞ্চলের সাহমার শহরে। একটি মসজিদে নামাজ শেষে বের হওয়া মুসল্লিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থনা শেষ করে মানুষজন যখন ঘরে ফিরছিলেন, ঠিক সেই সময় ওপর থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত ১১ জন আহত হন।
স্থানীয়দের ভাষ্য, হামলার সময় এলাকায় হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে নেওয়া হয়, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, একই দিনে পৃথক হামলার খবর পাওয়া গেছে দক্ষিণ লেবাননের আরও কয়েকটি এলাকায়। কালাওইয়াতে একটি হামলায় একজন নিহত হন। পাশাপাশি ইয়াহমার আল-শাকিফ এলাকাতেও আরেকটি হামলায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সূত্র: আলজাজিরা