রাশিয়ায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশির প্রাণহানি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ এএম

রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস-রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহিন উদ্দিন নামের আরও এক প্রবাসী মারা যান। নিহত মাহিনের বাড়ি নরসিংদীতে।

মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত ২৫ আগস্ট আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) পাইরোলাইসিস ইউনিটের একটি সহায়ক অংশে আগুন লাগে। রাশিয়ার সিবু ও চীনের সিনোপেকের যৌথ উদ্যোগে ১০ বিলিয়ন ডলারের এই প্রকল্প নির্মাণ করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ওই ঘটনায় বাংলাদেশিসহ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বলে এজিসিসি সূত্রে জানা গেছে। ঘটনায় মোট ৩৬ জন বাংলাদেশি আহত হয়েছিলেন, যার মধ্যে চারজন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন গুরুতর আহত একজন এবং বাকিরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এর আগে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের জাকির হোসেন, মেহেরপুরের মো. আলাল হোসেন রাজু এবং রাজবাড়ীর আব্দুল কুদ্দুস। নিহত জাকির ও আলাল হোসেনের মরদেহ কফিনবন্দি করা হয়েছে, যা আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় পরিবারের কাছে পৌঁছাবে। অন্য দুজনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে।

তথ্যসূত্র: দ্য মস্কো টাইমস

এইচএন
আরও পড়ুন