যুদ্ধের ক্ষতিপূরণ ছাড়া হরমুজ খোলা হবে না: ইরান

ইরান জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগবিষয়ক উপদেষ্টা সাইয়্যেদ মেহদি তাবাতাবাই রোববার (৫ এপ্রিল) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এই অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, একটি নতুন আইনি কাঠামো তৈরি করে ট্রানজিট ফি’র মাধ্যমে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা হলে তবেই প্রণালি খুলতে রাজি হবে তেহরান।

তাবাতাবাই একই পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, হরমুজ প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে ট্রাম্প হতাশা ও ক্ষোভে অশালীন ও অসংলগ্ন বক্তব্যে নেমে গেছেন।

এদিকে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ ইস্ফাহানের পারমাণবিক স্থাপনাসহ একাধিক সংবেদনশীল স্থাপনায় আঘাতের খবর পাওয়া গেছে। পাশাপাশি বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণও বেশ ভারি বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। সূত্র: আলজাজিরা