মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনা ও বৈশ্বিক নিরাপত্তা সংকটের মাঝে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন যাচ্ছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স।
সোমবার (৩০ মার্চ) নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে এই হাই-ভোল্টেজ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশ ছাড়ার আগে এক বিবৃতিতে উইনস্টন পিটার্স জানান, এই সফরে প্রশান্ত মহাসাগরীয় এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং এর ফলে নিউজিল্যান্ড ও সংশ্লিষ্ট অঞ্চলে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা এই বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে থাকবে।
উইনস্টন পিটার্স বলেন, ‘এই বৈঠকগুলো নিউজিল্যান্ডের কূটনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে এগিয়ে নিতে সহায়ক হবে। এর মাধ্যমে আমরা একে অপরের অগ্রাধিকারমূলক বিষয়গুলো সম্পর্কে আরও গভীর এবং স্বচ্ছ ধারণা লাভ করতে পারব।’
নিউজিল্যান্ডের এই শীর্ষ কূটনীতিক সোমবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আগামী শুক্রবার তার দেশে ফিরে আসার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়া রোধ করতে দুই দেশের এই সমন্বয় অত্যন্ত জরুরি।