মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান–এ নতুন করে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে না।
সংবাদমাধ্যম দ্য ডন–এর প্রতিবেদনে বলা হয়, রোববার (৫ এপ্রিল) রাতভর ও সোমবার (৬ এপ্রিল) ভোরে কয়েক ঘণ্টা ধরে চালানো এই হামলাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী তেহরান। সেখানে অন্তত ২৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয় জন শিশু রয়েছে যা পরিস্থিতিকে আরও মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।
এছাড়া ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর কোম-এর একটি আবাসিক এলাকায় হামলায় ৫ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর-ই-ল্যাঙ্গেএ পৃথক হামলায় আরও ৬ জন প্রাণ হারিয়েছেন।
এর আগে ইরান স্পষ্ট জানিয়েছে, চাপের মুখে কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে তারা রাজি নয়। তেহরানের ভাষ্য অনুযায়ী, কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খোলার প্রশ্নেও তারা সাময়িক সমঝোতায় যাবে না; বরং স্থায়ী ও বাস্তবসম্মত সমাধান ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়, এমন ধারণা থেকেই এই অবস্থান নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চাপ প্রয়োগ করে বা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ইরানকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না। সূত্র: দ্য ডন