যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

‘রেড লাইন’ পার হলে মধ্যপ্রাচ্যের বাইরে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে

ওয়াশিংটন যদি তেহরানের নির্ধারিত ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম করে, তবে চলমান এই সংঘাত আর কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তা বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এই কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ইরানের রেড লাইন অতিক্রম করার দুঃসাহস দেখায়, তবে তেহরানের পাল্টা জবাব হবে নজিরবিহীন। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনী যদি সীমা লঙ্ঘন করে, তবে আমাদের বীর যোদ্ধাদের আক্রমণ মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে যাবে। বিশ্বের যেকোনো প্রান্তে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে।’

সামরিক হামলার পাশাপাশি অর্থনৈতিক যুদ্ধের নতুন এক ফ্রন্ট খোলার ইঙ্গিত দিয়েছে ইরান। আইআরজিসি সতর্ক করে বলেছে, তারা এমন সব জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে, যার ফলে আগামী কয়েক বছর মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্রদের তেল ও গ্যাস পাওয়ার পথ চিরতরে রুদ্ধ হয়ে যেতে পারে।

বিবৃতিতে আমেরিকার আঞ্চলিক অংশীদার বা মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, তাদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরান বলেছে, ‘এতদিন আমরা সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিচয় দিয়েছি এবং পাল্টা আঘাতের ক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছি। কিন্তু এখন থেকে সেই সব সীমাবদ্ধতা বা সফট-পলিসি তুলে নেওয়া হবে। আমাদের ওপর আক্রমণ হলে এর দায়ভার ওই অঞ্চলের মিত্র দেশগুলোকেও বহন করতে হবে।’

সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই ‘রেড লাইন’ হুঁশিয়ারি মূলত দেশটিতে মার্কিন স্থল অভিযান বা সরাসরি রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসের চেষ্টার বিরুদ্ধে একটি আগাম সতর্কবার্তা। ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান চাপের মুখে তেহরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সূত্র: এএফপি।