লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ‘গণ-হামলায়’ শিশুসহ শত শত বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। অবিলম্বে এই সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আলজাজিরায় প্রকাশিত লাইভ আপডেটে এ খবর জানা গেছে।
জাতিসংঘ মহাসচিবের উদ্বৃতি দিয়ে তার মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, মহাসচিব বেসামরিক মানুষের নির্মম প্রাণহানিতে মর্মাহত এবং দিন দিন বাড়তে থাকা এই মৃত্যুর মিছিলে গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক দাবি।
হুঁশিয়ারি দিয়ে গুতেরেস বলেন, লেবাননে ইসরায়েলের চলমান এই সামরিক তৎপরতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতির জন্য ‘মারাত্মক ঝুঁকি’ তৈরি করছে। এই শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে পুরো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
বিবৃতিতে তিনি আরও জোর দিয়ে বলেন, "এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।" আন্তোনিও গুতেরেস সব পক্ষকে অবিলম্বে বৈরিতা পরিহার করে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের দাবি জানিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও লেবাননের জনাকীর্ণ এলাকাগুলোতে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টাকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। সূত্র: আলজাজিরা