যেখানে প্রয়োজন, সেখানেই হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, 'যেখানে প্রয়োজন, সেখানেই' হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান চালাবে ইসরায়েল।

ইসরায়েল আগেই জানিয়েছে, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে ইরান দাবি করেছে, লেবাননে ইসরায়েলের চলমান হামলা এই চুক্তির 'গুরুতর লঙ্ঘন'। এতে করে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে।

নেতানিয়াহু বলেন, 'আমাদের বার্তা স্পষ্ট, যে কেউ ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাকে লক্ষ্যবস্তু করা হবে।' তিনি আরও জানান, উত্তরের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে এই হামলা অব্যাহত থাকবে।

এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ নেতা নাঈম কাসেমের ভাতিজা ও সংগঠনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা আলি ইউসুফ হারশিকে হত্যা করেছে। সূত্র: আলজাজিরা