মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানজুড়ে ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির প্রধান পিরহোসেইন কোলিভান্দের বরাতে এই তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
কোলিভান্দ জানান, মোট ১ লাখ ২৫ হাজার ৬৩০টি স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই বেসামরিক অবকাঠামো, যা দেশের দৈনন্দিন জীবনযাত্রা ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ২৩ হাজার ৫০০টি বাণিজ্যিক কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া ৩৩৯টি চিকিৎসা-সংশ্লিষ্ট স্থাপনাও হামলার শিকার হয়েছে।
এই চিকিৎসা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি, স্বাস্থ্যকেন্দ্র ও জরুরি সেবা ইউনিট। এতে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মক চাপের মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ।
তিনি বলেন, কোনো বেসামরিক স্থাপনা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হলেও, যদি সেই হামলায় অতিরিক্ত বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে, তাহলে তা আন্তর্জাতিক আইনের অধীনে নিষিদ্ধই থাকবে।
সূত্র: আলজাজিরা