যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের ওপর আগ্রাসন থামায়নি ইসরায়েল। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে নতুন করে বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত একজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)’ এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের হানাউইয়া শহরে চালানো একটি শক্তিশালী বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। এছাড়া ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী শহর ‘আইতা আল-শাব’-এর আবাসিক এলাকাগুলোতে বড় ধরণের বিস্ফোরণ ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাধারণ মানুষের বাড়িঘর লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে, যা যুদ্ধাপরাধের শামিল।

আকাশপথের হামলার পাশাপাশি স্থলপথেও তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। লেবাননের টাইর জেলার অন্তত তিনটি এলাকায় ইসরায়েলি আর্টিলারি থেকে মুহুর্মুহু গোলাবর্ষণ করা হয়েছে। এর ফলে সীমান্তবর্তী গ্রামগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে এবং শত শত পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়তে শুরু করেছে।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, ইসরায়েল তাতে লেবানন ও হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করতে রাজি নয়। ফলে লেবানন সীমান্তে সংঘাত বন্ধ হওয়ার পরিবর্তে আরও জটিল রূপ নিচ্ছে। ইসরায়েলের এই অনমনীয় অবস্থান পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।

সূএ: আল-জাজিরা।

NB
আরও পড়ুন
সর্বশেষপঠিত