মনে হচ্ছে আমিই এর মালিক: আল-আকসায় ইসরায়েলি মন্ত্রী

অধিকৃত জেরুজালেমের পুরনো শহরের ভেতরে অবস্থিত সংবেদনশীল ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভির। এ সময় তিনি নিজেকে 'আল-আকসা মসজিদের মালিক' দাবি করেছেন, এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সাইটে ধারণ করা এক ভিডিও বার্তায় বেন-গভির বলেন, 'আজ আমি নিজেকে এখানে মালিকের মতো মনে করছি।' তিনি আরও বলেন, এখনও অনেক কিছু করার বাকি রয়েছে এবং এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও পদক্ষেপ নিতে চাপ দিয়ে যাচ্ছেন।

তার এই মন্তব্য ও সফরের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই সফর দীর্ঘদিনের স্থিতাবস্থা চুক্তির লঙ্ঘন, পবিত্রতার অবমাননা এবং একটি উসকানিমূলক পদক্ষেপ।

দশকের পুরোনো এক ব্যবস্থার অধীনে এই ধর্মীয় স্থাপনাটি জর্ডানের তত্ত্বাবধানে থাকা একটি ইসলামি ওয়াকফ কর্তৃপক্ষ পরিচালনা করে। সেখানে ইহুদিদের প্রবেশের অনুমতি থাকলেও প্রার্থনা করার অনুমতি নেই, যা দীর্ঘদিন ধরে একটি স্পর্শকাতর ভারসাম্য বজায় রেখেছে। সূত্র: আলজাজিরা