কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আমেরিকা যেন ইরানকে ভেনেজুয়েলা ভেবে ভুল না করে, যেখানে তারা অনায়াসেই সম্পদ লুট করতে পারবে।’ ইরানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’ এই খবর প্রকাশ করেছে।
ইরানি সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি এক বিবৃতিতে বলেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালি মূলত ইরান এবং এর প্রতিবেশী দেশগুলোর নিজস্ব অঞ্চল। এখানে কোনো মতামত দেওয়ার বা নাক গলানোর ন্যূনতম অধিকার আমেরিকার নেই।
তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন এই জলপথে নিজেদের কৃত্রিম আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা কখনোই সফল হতে দেওয়া হবে না।
জেনারেল আসাদি মার্কিন নেতাদের আচরণকে ‘দাদাগিরি’ হিসেবে অভিহিত করে বলেন, ‘মার্কিন শাসকদের এই সাম্রাজ্যবাদী আচরণ খোদ আমেরিকার জনগণের জন্যই লজ্জাজনক। আঞ্চলিক সমস্যাগুলো সমাধানের দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোর, এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই।’
তিনি আরও যোগ করেন, আমেরিকা মূলত এই অঞ্চলের খনিজ তেলসহ প্রাকৃতিক সম্পদগুলো নিজেদের স্বার্থে লুট করতে চায়। কিন্তু ইরানের মাটিতে বা জলসীমায় সেই সুযোগ তারা পাবে না। ইরান এবং তার জনগণ যেকোনো মূল্যে এই আগ্রাসী প্রচেষ্টার বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলবে।
চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এই উত্তেজনা বিশ্ব বাণিজ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে সংঘাতের সামান্যতম আঁচও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।