ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাশেম গারিবাবাদি বলেছেন, চলতি সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের ‘কারিগরি দল’-এর কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক আয়োজনের পরিকল্পনা বর্তমানে নেই। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ ধরনের বৈঠক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর নিশ্চিত করার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া এক বক্তব্যে গারিবাবাদি বলেন, কাতারের সঙ্গে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে নিয়মিত পরামর্শ অব্যাহত রয়েছে।
তবে দোহায় কার্যকরী দলগুলোর কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিশ্চিত করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, নির্ধারিত কার্যকরী দলগুলোর কাঠামোর আওতায় প্রথম দফার কারিগরি বৈঠক তখনই অনুষ্ঠিত হবে, যখন প্রয়োজনীয় পরিবেশ তৈরি হবে এবং বৈঠকের সময় ও স্থান নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে এখনো আলোচনা ও পরামর্শ চলমান রয়েছে।
এর আগে আল জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে পারে। তবে গারিবাবাদির বক্তব্যে সেই সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা
কাতারে মঙ্গলবার ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে ম্যাক্রোঁ–বিন সালমান ফোনালাপ
হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার কেন্দ্রে সমঝোতার পঞ্চম ধারা