ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার দক্ষিণ লেবাননের অভ্যন্তরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর একযোগে একাধিক ভয়াবহ হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন শহরগুলোতে ইসরায়েলি সেনাদের সমাবেশ এবং সামরিক যানবাহনকে লক্ষ্য করে এই অপারেশন চালানো হয়।

গোষ্ঠীটির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা বিনত জেবাইল (Bint Jbeil) শহরের মুসা আব্বাস কমপ্লেক্স এবং হুলা (Hula) গ্রামের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর কামানের গোলা নিক্ষেপ করেছে। এছাড়া বিয়াদা (Biyyada) এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর বিস্ফোরক ভর্তি ‘ডাইভিং ড্রোন’ দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। আদচিত আল-কুসাইর (Aadchit al-Qusayr) নামক স্থানেও ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ।

অভিযানের শেষ পর্যায়ে বিয়াদা এলাকায় এক ঝাঁক সুইসাইড ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের একটি বড় জমায়েত ও যানবাহনের ওপর সমন্বিত আক্রমণ চালানো হয়। সৈন্য সমাবেশের পাশাপাশি হিজবুল্লাহ সুনির্দিষ্ট সামরিক সরঞ্জামকেও লক্ষ্যবস্তু করেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে জানানো হয়, তাইবেহ (Taybeh) শহরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ‘হামার’ (Hummer) গাড়ি এবং রিশাফ (Rishaf) এলাকায় একটি শক্তিশালী ‘মেরকাভা’ (Merkava) ট্যাংক ডাইভিং সুইসাইড ড্রোনের আঘাতে ধ্বংস করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে সংঘাত এখন চরম আকার ধারণ করেছে।

সূত্র: আলজাজিরা