বিপর্যস্ত ইরানের স্বাস্থ্য খাত, আকাশচুম্বী ওষুধের দাম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের বিধ্বংসী প্রভাবে ইরানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জীবন রক্ষাকারী ওষুধের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (MSF)-এর ইরান মিশনের প্রধান গ্রিগর সিমোনিয়ান জানিয়েছেন, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ওষুধের তীব্র সংকট তৈরি হয়েছে এবং এর ফলে দাম বহুগুণ বেড়ে গেছে।

ইরানি কর্মকর্তাদের মতে, প্রয়োজনীয় কাঁচামালের অভাবে অনেক ওষুধের দাম দ্বিগুণ হয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে তা ১০০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ডক্টরস উইদাউট বর্ডারস লক্ষ্য করেছে যে, যুদ্ধের পর থেকে রোগীদের সংখ্যা বহুগুণ বেড়েছে, বিশেষ করে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অনিশ্চয়তার কারণে চিকিৎসা নিতে আসা মানুষের ভিড় আরও বেড়েছে।

ওষুধের এই ভয়াবহ সংকটের পেছনে কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক যুদ্ধকে দায়ী করা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বৃহত্তম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ওপর দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের ফলে প্রয়োজনীয় উপকরণ আমদানি করা অসম্ভব হয়ে পড়েছে। সরকারি তথ্যমতে, বর্তমানে দেশের প্রায় ২০ শতাংশ ওষুধের মূল্যে বড় ধরনের পরিবর্তন এসেছে।

সিমোনিয়ান আরও জানান, ইরানের স্বাস্থ্য ব্যবস্থা নিজস্ব উৎপাদিত সরঞ্জামে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করলেও যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি সেই সক্ষমতাকে পঙ্গু করে দিয়েছে। বর্তমানে রোগীরা তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন, যা জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। সূত্র: আলজাজিরা