সংযুক্ত আরব আমিরাতে (ইউএএ) সম্প্রতি চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন জানান।
সম্প্রতি আমিরাত লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় দেশটির ফুজাইরাহ অঞ্চলের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুবাই কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৩ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। পাকিস্তান এই ন্যাক্কারজনক হামলার কঠোর নিন্দা জানিয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর বার্তায় আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে বলেন, একটি দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে সংলাপের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক পরিবেশ তৈরি করতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং তার প্রতি সম্মান প্রদর্শন করা এখন অপরিহার্য। তিনি মনে করেন, সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা নিরসন সম্ভব।
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে আমিরাতের ওপর এই হামলা নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। পাকিস্তানের এই অবস্থান মূলত অঞ্চলটিতে যুদ্ধ ছড়িয়ে পড়া রোধ এবং মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার একটি কূটনৈতিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা