ইউরোপীয় শেয়ারবাজারে দরপতন, মুদ্রাস্ফীতির শঙ্কা

আপডেট : ০৫ মে ২০২৬, ০২:৩৪ পিএম

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ইউরোপীয় শেয়ারবাজারে। মঙ্গলবার লেনদেনের শুরুতেই ইউরোপের প্রধান সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীরা এখন হরমুজ প্রণালির পরিস্থিতি এবং তেলের সরবরাহ নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

প্যান-ইউরোপীয় ‘স্টক্স ৬০০’ (STOXX 600) সূচক ০.১ শতাংশ কমে ৬০৪.৬৮ পয়েন্টে নেমে এসেছে। এর আগে গত সোমবারও বাজারটি এক মাসের মধ্যে সবচেয়ে বড় পতনের রেকর্ড গড়েছিল। অন্যদিকে লন্ডনের প্রধান শেয়ারবাজার ‘এফটিএসই ১০০’ (FTSE 100) সূচকটিও আজ ১ শতাংশ পতনের শিকার হয়েছে।

এই দরপতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে জ্বালানি তেলের আকাশচুম্বী দামকে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাজার দর এখনো চড়া। ইউরোপের দেশগুলো জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় তেলের এই উচ্চমূল্য ওই অঞ্চলে মুদ্রাস্ফীতির আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, এই অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক চলতি বছরেই অন্তত দুই থেকে তিনবার সুদের হার বাড়াতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’-এর মাধ্যমে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় পার করে দেওয়ার চেষ্টা এই সংঘাতকে আরও উসকে দিয়েছে। বর্তমানে প্রণালীটি ইরানের কার্যকর নিয়ন্ত্রণে থাকায় এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি বিনিয়োগকারীদের বিচলিত করে তুলছে। যদি এই নৌ-অবরোধ ও পাল্টাপাল্টি হামলা দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্ব অর্থনীতি বড় ধরনের মন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

SN
আরও পড়ুন