পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালিতে কঠোর রেড লাইন ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির আলোচনা চললেও নিজেদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস না করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান স্পষ্টভাবে দুটি প্রধান বিষয়ে তাদের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমত তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি (Nuclear Enrichment Programme) নিয়ে কোনো আলোচনা হবে না। বিশেষ করে, বর্তমানে ইরানের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে হস্তান্তরের যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে, ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরানের মতে, এই মজুত দেশের ভেতরেই থাকবে এবং এটি তাদের সার্বভৌম অধিকার।

দ্বিতীয়ত হরমুজ প্রণালির ওপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ। ইরান এই কৌশলগত জলপথের ওপর তাদের সামরিক ও রাজনৈতিক সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করবে না। গত কয়েক দিনে এই জলপথে চলাচলকারী জাহাজের জন্য নতুন প্রোটোকল ও মেকানিজম চালু করেছে ইরান।

এছাড়াও প্রতিটি বাণিজ্যিক ও সামরিক জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) নৌ-শাখার সাথে সমন্বয় করে ট্রানজিট পারমিট নিতে হবে। প্রণালিটি ব্যবহারের জন্য এখন থেকে আইআরজিসি নৌবাহিনীকে নির্দিষ্ট পরিমাণ ফি বা টোল দিতে হবে।

ইরানের এই কঠোর অবস্থান ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এক সপ্তাহের মধ্যে চুক্তির আশা করছেন এবং ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার শর্ত দিচ্ছেন, সেখানে ইরানের এই ‘রেড লাইন’ আলোচনাকে জটিল করে তুলতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরান এই শর্তগুলোর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে, তারা কেবল একটি ‘ন্যায্য ও সমান’ চুক্তিতেই সই করবে, কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। সূত্র: আলজাজিরা