মাতা মেরির মূর্তি অবমাননা ইসরায়েলি সেনার, বিশ্বজুড়ে ক্ষোভ

দক্ষিণ লেবাননে অভিযান চলাকালীন পুনরায় ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। যিশু খ্রিস্টের মূর্তি ভাঙচুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাতা মেরির (ভার্জিন মেরি) মূর্তিকে অবমাননা করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে খ্রিষ্টান সম্প্রদায়সহ বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে লেবাননের দক্ষিণাঞ্চলের খ্রিষ্টান অধ্যুষিত শহর ‘দেবল’-এ। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একজন ইসরায়েলি সেনা মুখে সিগারেট নিয়ে মাতা মেরির একটি মূর্তির পাশে বসে আছেন এবং অবমাননাকর ভঙ্গিতে অন্য একটি জ্বলন্ত সিগারেট মূর্তির মুখের কাছে ধরে আছেন। রয়টার্স পরিবেশিত এই ছবিটি ছড়িয়ে পড়ার পর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ইসরায়েলি বাহিনীর কড়া সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত মাসেই একই শহরে অভিযানের সময় যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙচুর করেছিলেন ইসরায়েলি সেনারা। সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী। পরবর্তীতে দায়িত্বরত দুই সেনাকে ৩০ দিনের সামরিক আটকাদেশ দিয়ে শাস্তি প্রদান করা হয়।

পরপর দুটি ধর্মীয় অবমাননার ঘটনায় লেবাননের স্থানীয় বাসিন্দা ও ধর্মীয় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এসব কর্মকাণ্ড যুদ্ধের সাধারণ শিষ্টাচার ও আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। যদিও নতুন এই ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের ময়দানে সেনাদের এমন উসকানিমূলক আচরণ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সূত্র: আলজাজিরা