কিউবায় জ্বালানি সংকট, অন্ধকারে পুরো দেশ

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধের প্রভাবে কিউবার জ্বালানি পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেশটিতে বর্তমানে তেল এবং ডিজেলের কোনো মজুত অবশিষ্ট নেই বলে বুধবার এক জরুরি ঘোষণায় জানিয়েছেন কিউবার জ্বালানি মন্ত্রী ভিসেন্টে দে লা ও লেভি।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী লেভি বলেন, আমাদের কাছে এখন একদমই কোনো তেল নেই, এমনকি ডিজেলও নেই। আমাদের সব মজুত ফুরিয়ে গেছে। তিনি আরও জানান যে, দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিড বর্তমানে 'সংকটজনক' অবস্থায় রয়েছে। এই বিপর্যয় কাটিয়ে উঠতে কিউবা যে কারো কাছ থেকে জ্বালানি কিনতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে।

জ্বালানি সংকটের কারণে রাজধানী হাবানাসহ সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। অনেক এলাকায় দিনে ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এবং জরুরি সেবাগুলো ব্যাহত হচ্ছে।

গত বছরের ডিসেম্বর থেকে কিউবায় মাত্র একটি বড় তেলের ট্যাংকার নোঙর করতে পেরেছে। রুশ পতাকাবাহী 'আনাতোলি কোলোডকিন' (Anatoly Kolodkin) নামক সেই জাহাজটিই ছিল কিউবার সর্বশেষ বড় জ্বালানি সরবরাহ। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এবং মার্কিন কড়াকড়ির কারণে নতুন কোনো জাহাজ দেশটিতে পৌঁছাতে পারছে না।

বিশ্লেষকদের মতে, বিশ্ব রাজনীতির এই অস্থিরতা কিউবার মতো আমদানিনির্ভর দেশগুলোকে এক অভূতপূর্ব মানবিক ও অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সূত্র: মিডল ইস্ট আই