সংযুক্ত আরব আমিরাতে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দেশটির একটি আবাসিক ভবনের ২২ তলা থেকে নিজের পাঁচ বছর বয়সী সন্তানকে নিচে ছুঁড়ে ফেলে হত্যা করেছেন এক ভারতীয় প্রবাসী মা। সন্তানকে ফেলে দেওয়ার পর তিনি নিজেও ওই তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
শনিবার (২৩ মে) সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই লোমহর্ষক তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, এর আগে গত বুধবার (২০ মে) সংশ্লিষ্ট ভবনের নিচে ওই মা ও তাঁর পাঁচ বছর বয়সী সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উভয়ের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার বিস্তারিত তদন্ত করছে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শী ও ওই ভবনের স্টাফরা জানিয়েছেন, ৩৫ বছর বয়সী ওই মা আল-নাদহা এলাকার উঁচু ভবন থেকে নিজের সন্তানকে ফেলে দেন। এরপর তিনি নিজে লাফ দেন।
ভবনটির প্রথম ছয় তলায় গাড়ি পার্কিং ও ব্যয়ামাগার রয়েছে। এরপর থেকে শুরু হয়েছে আবাসিক অংশ। ওই আবাসিকের ১৫তম তলার বারান্দা থেকে এ ঘটনা ঘটান ওই মা।
৩২ তলা ভবনটির এক নিরাপত্তারক্ষী জানান তারা বিকট শব্দ শুনতে পান। এরপর দৌড়ে বাইরে গিয়ে এক নারী ও শিশুর দেহ দেখতে পান। শিশুটির মরদেহ পড়ে ছিল সড়কে। অপরদিকে মায়ের মরদেহটি ছিল ফুটপাথে।
তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকেন। পুলিশ ঘটনাস্থলে এসে সকাল ১০টা ৫০ পর্যন্ত পুরো ভবনটি অবরুদ্ধ করে রাখে।
এদিকে এ ঘটনা ঘটার একদিন আগে ওই নারী ও তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এ সময় পুলিশকেও ডাকা হয়। তার স্বামী নিরাপত্তারক্ষীকের কাছে অভিযোগ করেন তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছে।
তার স্বামী দুবাইয়ে চাকরি করেন। মর্মান্তিক এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ।
সূত্র: গালফ নিউজ