ইরানের পার্লামেন্টের প্রেসিডিয়ামের সদস্য আহমদ নাদেরি দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা নিজেদের অভ্যন্তরীণ মতভেদ কোনোভাবেই জনসমক্ষে প্রকাশ না করে। তার মতে, এ ধরনের প্রকাশ্য বিভাজন রাষ্ট্রীয় ঐক্যের জন্য ক্ষতিকর এবং তা 'হুমকিস্বরূপ ও বিপজ্জনক' পরিস্থিতি তৈরি করতে পারে।
ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সি আইএসএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে 'যুদ্ধকালীন অবস্থা' হিসেবে বিবেচনা করে সব রাজনৈতিক পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে এবং একটি একক, সুসংগঠিত অবস্থান বজায় রাখতে হবে।
নাদেরি আরও বলেন, যুদ্ধক্ষেত্র কেবল সামরিক ময়দানেই সীমাবদ্ধ নয়, বরং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কূটনৈতিক অঙ্গনও। তার মতে, সামরিক পর্যায়ে যখন তুলনামূলক স্থবিরতা বিরাজ করে, তখন কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে জাতীয় ঐক্য বজায় রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
তিনি জোর দিয়ে বলেন, জাতীয় সংহতি বজায় রাখা এবং অভ্যন্তরীণ মতভেদকে বিভাজনে রূপ নিতে না দেওয়া কোনো সাধারণ রাজনৈতিক পরামর্শ নয়, বরং এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব টিকিয়ে রাখা এবং “শত্রুর কৌশল” নিষ্ক্রিয় করার জন্য একটি অপরিহার্য শর্ত। সূত্র:আলজাজিরা