প্রতিশোধ ছাড়া বিকল্প দেখছে না তেহরান: বিশ্লেষক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা এখন পর্যন্ত তুলনামূলকভাবে সীমিত ও হিসাব করে পরিচালিত হলেও পরিস্থিতি যে কোনো সময় আবারও বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক আব্বাস আসলানি।

মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষণা ফেলো আব্বাস আসলানি বলেন, তেহরানের দৃষ্টিতে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া কার্যত অন্য কোনো পথ খোলা নেই। কারণ ইরান যদি কোনো প্রতিক্রিয়া না দেখায়, তাহলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সেটিকে দুর্বলতার লক্ষণ হিসেবে ব্যাখ্যা করতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে আরও হামলা চালানোর জন্য সেটিকে এক ধরনের সবুজ সংকেত হিসেবেও দেখা হতে পারে।

তেহরান থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনৈতিক পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তাঁর মতে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আরও বেশি ছাড় আদায়ের লক্ষ্যে অতিরিক্ত চাপ ও প্রভাব তৈরির কৌশল অনুসরণ করছে।

আসলানি আরও বলেন, ইরানের ভেতরে দ্রুত কোনো শান্তিচুক্তি বা সমঝোতা হওয়ার সম্ভাবনা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অনেকেই বর্তমান পরিস্থিতি নিয়ে আশাবাদী নন এবং বিশ্বাস করেন, সাম্প্রতিক কিছু বক্তব্য ও অবস্থান মূলত তেলের বাজার নিয়ন্ত্রণে রাখা অথবা দেশটির বিরুদ্ধে চাপ ও উত্তেজনা অব্যাহত রাখার বৃহত্তর কৌশলের অংশ হতে পারে।

তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানে বর্তমানে এমন একটি ধারণা ক্রমেই জোরালো হচ্ছে যে, কূটনৈতিক তৎপরতা চললেও বাস্তব পরিস্থিতিতে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র: আলজাজিরা