মোজতবা খামেনির সঙ্গে ট্রাম্পের বৈঠকের ইচ্ছা অবাস্তব

আপডেট : ০৩ জুন ২০২৬, ১০:২৬ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে বসার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে বাস্তবসম্মত বলে মনে করেন না মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক আব্বাস আসলানি। তাঁর মতে, ট্রাম্পের এ ধরনের বক্তব্য বাস্তব পরিস্থিতির চেয়ে বেশি রাজনৈতিক ও কৌশলগত বার্তা বহন করে।

মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষণা ফেলো আব্বাস আসলানি বলেন, ট্রাম্প হয়তো যুদ্ধের কারণে অস্থির হয়ে ওঠা বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পরিস্থিতিকে কিছুটা বাড়িয়ে তুলে ধরার চেষ্টা করছেন। তবে তাঁর মন্তব্য বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে না।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসলানি বলেন, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বক্তব্যে ধারাবাহিকতার অভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একদিন তিনি ইতিবাচক বার্তা দিচ্ছেন, পরদিনই হুমকিমূলক অবস্থান নিচ্ছেন। এই ওঠানামা এবং নীতিগত পরিবর্তন তেহরানের কাছে এমন বার্তা দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র হয়তো কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ব্যাপারে পুরোপুরি আন্তরিক নয়।

তিনি আরও বলেন, ওয়াশিংটনের বারবার পরিবর্তিত অবস্থান ইরানের নীতিনির্ধারকদের মধ্যে সংশয় তৈরি করছে। ফলে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির পথ আরও জটিল হয়ে উঠতে পারে।

এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের নেতার সঙ্গে দেখা করতে আগ্রহী। ট্রাম্পের ভাষায়, তিনি খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং পরিস্থিতি যেভাবে এগোবে, তাতে ভবিষ্যতের কোনো এক সময়ে এমন বৈঠক হতে পারে বলেও তিনি মনে করেন। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন