কুয়েত বিমানবন্দরে হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন: সৌদি আরব

আপডেট : ০৩ জুন ২০২৬, ১০:১৫ পিএম

সৌদি আরব বাহরাইন ও কুয়েতের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার ঘটনাকেও দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে রিয়াদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘স্পষ্ট ইরানি আগ্রাসন’ এবং বাহরাইন ও কুয়েতের সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘প্রকাশ্য লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য চলমান আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে এবং আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সৌদি আরব আরও জানিয়েছে, বাহরাইন ও কুয়েতের সঙ্গে তাদের পূর্ণ সংহতি রয়েছে। পাশাপাশি দুই দেশ নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যে পদক্ষেপ গ্রহণ করবে, তার প্রতি রিয়াদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন দেখা গেছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা প্রশ্নে সৌদি আরব যে তাদের পাশে রয়েছে, সেই বার্তাও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন