ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার কৌশল ও প্রস্তাবনা নিয়ে দেশটির শীর্ষ নেতৃত্বের মধ্যে কোনো মতপার্থক্য নেই।
ইরানের শুল্ক প্রশাসন পরিদর্শনকালে তিনি বলেন, আলোচনার ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করছে এবং সব কর্মকর্তা পূর্ণ সমন্বয়ের মাধ্যমে সেই নীতি বাস্তবায়ন করছেন।
আরেফের ভাষ্য, আলোচনার খসড়া, প্রস্তাব কিংবা সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের মধ্যে কোনো ধরনের বিভেদ নেই।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে তেহরান একটি সুস্পষ্ট ও সমন্বিত অবস্থান বজায় রেখেছে এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান একই লক্ষ্যে কাজ করছে।
একই সঙ্গে সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, চলমান সংকট এবং গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত থেকে ইরান সংকট ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করেছে।
তার মতে, এসব অভিজ্ঞতা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশকে আরও প্রস্তুত করেছে। সূত্র: আলজাজিরা