ইরানের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের বিমান হামলা

ইরানের বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বড় পরিসরের বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিমান বাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান অংশ নেয়। হামলায় সম্প্রতি ইরানের বিভিন্ন এলাকায় মোতায়েন করা প্রতিরক্ষা অবকাঠামো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেনাবাহিনীর দাবি, অভিযানের লক্ষ্য ছিল ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করা এবং সাম্প্রতিক সময়ে পুনর্গঠিত কিছু প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করা। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দাবির পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় এই অভিযানকে নতুন উত্তেজনার অংশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা