ইরান-ইসরায়েল উত্তেজনার সর্বশেষ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ধীরে ধীরে ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থার দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন রব গাইস্ট পিনফোল্ড। তিনি যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন–এর আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে অধ্যাপক।
বিশ্লেষক পিনফোল্ডের মতে, ইরান আপাতত পরিস্থিতি নিয়ে স্বস্তিতে রয়েছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তড়িঘড়ি করে কোনো সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে না। বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতি ও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে যে তেহরান এখন অপেক্ষাকৃত ধৈর্যশীল কৌশল অনুসরণ করছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তির ব্যাপারে অনেক বেশি আগ্রহী বলে মনে হচ্ছে। পিনফোল্ড বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর বক্তব্যে এক ধরনের দ্বৈততা দেখা যাচ্ছে। একদিকে তিনি কঠোর ভাষায় যুদ্ধ ও ধ্বংসের হুঁশিয়ারি দিচ্ছেন, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তি হাতের নাগালে বলে মন্তব্য করছেন।
বিশ্লেষকের মতে, এই দুই ধরনের বার্তা ওয়াশিংটনের কৌশলগত অবস্থানের মধ্যকার অসঙ্গতিকেই তুলে ধরছে।
এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু–র রাজনৈতিক হিসাবও পরিস্থিতিকে প্রভাবিত করছে বলে মনে করেন পিনফোল্ড। তার ভাষ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অভ্যন্তরীণভাবে দেখাতে হচ্ছে যে তিনি শুধু ওয়াশিংটনের পরামর্শ অনুসরণ করছেন না, বরং হিজবুল্লাহ–র বিরুদ্ধে কঠোর অবস্থানও বজায় রেখেছেন।
বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতা একই সঙ্গে চলতে থাকায় মধ্যপ্রাচ্য এখন এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে পূর্ণাঙ্গ যুদ্ধও শুরু হয়নি, আবার স্থায়ী শান্তির পথও এখনও নিশ্চিত নয়। সূত্র: আলজাজিরা