'বিজয় না আসা পর্যন্ত অনড় থাকবে তেহরান'

গত বছরের ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধের বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইরান নিজের অবস্থানে অটল থাকবে।

এক বিবৃতিতে গালিবাফ দাবি করেন, ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। তিনি বলেন, ‘তারা নিষ্পাপ শিশুদের হত্যা করেছে এবং কোনো ধরনের অপরাধ বা নিষ্ঠুরতা থেকে বিরত থাকেনি।’

যুদ্ধের সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গালিবাফ বলেন, ‘১২ দিনের যুদ্ধের বীর ও নিপীড়িত শহীদদের অনুপ্রেরণায় আমরা আমাদের প্রিয় ইরানের মর্যাদা ও চূড়ান্ত বিজয়ের জন্য শেষ পর্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকব।’

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে আলোচনা এগোচ্ছে বলে বিভিন্ন পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা, নিরাপত্তা ইস্যু এবং পারস্পরিক অবিশ্বাস এখনো দুই দেশের সম্পর্ককে জটিল করে রেখেছে।

যুদ্ধের বর্ষপূর্তিতে গালিবাফের এই বার্তা মূলত দেশের অভ্যন্তরে জাতীয় ঐক্য ও প্রতিরোধের মনোভাব জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ইরানের অনড় অবস্থান তুলে ধরার প্রচেষ্টা। সূত্র: আলজাজিরা