ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আগামী জুলাই মাসে দাফন করা হবে। শনিবার (১৩ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩ ও ৪ জুলাই রাজধানী তেহরানে তার স্মরণে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ জুলাই তেহরানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন ৬ জুলাই ধর্মীয় নগরী কোমে হবে দ্বিতীয় জানাজা।
দীর্ঘ এই শোকযাত্রার শেষ পর্ব অনুষ্ঠিত হবে ৯ জুলাই। সেদিন মাশহাদে তৃতীয় জানাজা শেষে খামেনিকে সমাহিত করা হবে পবিত্র ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে।
শিয়া মুসলিমদের কাছে ইমাম রেজা (আ.) অন্যতম শ্রদ্ধেয় ইমাম। তার মাজার ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হন। সে সময় তিনি তেহরানে নিজের বাসভবনে অবস্থান করছিলেন। হামলায় তার স্ত্রীসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারান। তবে তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি বেঁচে যান।
খামেনির মৃত্যুর পর ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব দেয়। এর মধ্য দিয়ে দেশটির সর্বোচ্চ নেতৃত্বে শুরু হয় নতুন অধ্যায়। সূত্র: আলজাজিরা