রোববার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হচ্ছে না: বাঘাই

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতা স্মারক স্বাক্ষর রোববার (১৪ জুন) হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

রোববার (১৪ জুন) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বাঘাই বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় আলোচিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো। বর্তমান পর্যায়ে এতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা অন্তর্ভুক্ত করা হয়নি।

তিনি বলেন, ‘সমঝোতা স্মারক স্বাক্ষরের নির্দিষ্ট সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটি আগামীকাল হচ্ছে না। তবে সামনের দিনগুলোতে স্বাক্ষর হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

এ সময় আলোচনার অগ্রগতি নিয়ে অতিরিক্ত আশাবাদী না হওয়ারও আহ্বান জানান ইরানের এই মুখপাত্র। তার ভাষ্য, অপর পক্ষের অবস্থান ও আচরণে অস্থিরতা থাকায় এ প্রক্রিয়া সম্পর্কে যেকোনো মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। উভয় পক্ষ থেকেই ইতিবাচক বার্তা এলেও চুক্তির শর্ত ও সময়সূচি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি’। অন্যদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও আলোচনায় অগ্রগতির কথা জানানো হয়েছে। তবে সর্বশেষ ইরানি অবস্থান থেকে স্পষ্ট, চূড়ান্ত স্বাক্ষরের আগে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি বাকি রয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন