আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।

শনিবার (২০ জুন) ইরানের শীর্ষ সামরিক সমন্বয়ক সংস্থা খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, তেহরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এর জবাব হিসেবেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের সামরিক কর্তৃপক্ষ একে ‘প্রথম ধাপের প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, পরিস্থিতির আরও অবনতি হলে বা হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এই নৌপথে নতুন করে অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে হরমুজকে কেন্দ্র করে এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহব্যবস্থায় চাপ আরও বাড়তে পারে। সূত্র: আলজাজিরা