ইরান যুদ্ধ ও অন্যান্য ব্যয় সামলাতে ৮ হাজার কোটি ডলার চায় পেন্টাগন

আপডেট : ২০ জুন ২০২৬, ০২:৩৪ পিএম

ইরান যুদ্ধসহ বিভিন্ন সামরিক ও সংশ্লিষ্ট ব্যয় মেটাতে অতিরিক্ত প্রায় ৮,০০০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে ফোনালাপে উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গ এই তথ্য তুলে ধরেন। তার মতে, এই অর্থের বড় অংশ পেন্টাগনের মূল বাজেটের সঙ্গে যুক্ত হবে, পাশাপাশি কিছু অংশ কৃষি সহায়তা ও দুর্যোগ ত্রাণের মতো অপ্রতিরক্ষা খাতেও ব্যয় হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে একটি সম্পূরক বাজেট প্রস্তাব কংগ্রেসে পাঠানো হতে পারে। পেন্টাগন কর্মকর্তারা সতর্ক করেছেন, নতুন যুদ্ধকালীন বাজেট অনুমোদন না হলে আগামী কয়েক মাসে সামরিক কার্যক্রম পরিচালনায় অর্থ সংকট দেখা দিতে পারে। এতে প্রশিক্ষণ কমানো বা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন কমানোর মতো সিদ্ধান্ত নিতে হতে পারে।

অতিরিক্ত এই ব্যয়ের একটি অংশ অস্ত্র সরবরাহ, সেনাদের বেতন এবং নৌবাহিনীর জাহাজ পরিচালনায় ব্যয় হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে পেন্টাগনের হিসাবে ইরান যুদ্ধের সরাসরি ব্যয় প্রায় ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানানো হয়েছিল। তবে পুরো যুদ্ধের মোট ব্যয় কত, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস বাজেট অফিস। একই কথা জানিয়েছেন হোয়াইট হাউস বাজেট অফিসের পরিচালক রাসেল ভোয়েট। তিনি কংগ্রেসে বলেছেন, যুদ্ধের মোট ব্যয় নিয়ে তাদের কাছে নির্দিষ্ট কোনো হিসাব নেই।

AM/YA
আরও পড়ুন