কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১জুন) সন্ধ্যায় কেন্দ্রটিতে পরিচালন কার্যক্রম শুরু করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। সোমবার (২২জুন) এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন কাতারের জ্বালানিমন্ত্রী ও কাতারএনার্জির প্রধান নির্বাহী সাদ বিন শ্রেদা আল-কাবি।
এই দুর্ঘটনায় প্রাণ হারানো ১৩ জনই ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত। তবে তাৎক্ষণিকভাবে কোন দেশের কতজন নাগরিক মারা গেছেন, তা নিশ্চিত করা যায়নি। অন্যদিকে আহত ৬৬ জনের মধ্যে বাংলাদেশ, ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।
ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তারা কাতার সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সাথে তারা নিখোঁজদের উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। দূতাবাস ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি যোগাযোগের জন্য +974-55647502 ও +974-55384683 হেল্পলাইন নম্বর এবং cons.doha@mea.gov.in ই-মেইল চালু করেছে।
কাতারএনার্জি জানিয়েছে যে দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পর্যবেক্ষণে রয়েছে এবং এই ভয়াবহ বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।