তীব্র শীত ও বৃষ্টির মধ্যেও পর্যাপ্ত গরমের ব্যবস্থা ছাড়াই ক্লাস করতে হচ্ছে ইরানের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের। গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা জানিয়েছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করে সরাসরি পাঠদান চালু রাখার সিদ্ধান্তে অনড় কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি অভিভাবকদের আর্থিক চাপও বাড়ছে।
ইরানের বিভিন্ন শহরের শিক্ষার্থী ও অভিভাবকদের বরাতে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, অনেক স্কুলে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে এলেও হিটিং ব্যবস্থা চালু করা হচ্ছে না। কোথাও হিটার নষ্ট, কোথাও আবার জ্বালানি সংকটের কথা বলে শ্রেণিকক্ষ গরম রাখার ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে।
গত ১০ নভেম্বর সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য গ্যাস সংকটের বিষয়ে সতর্ক করেন। তবে তিনি জানান, সরকারের নীতি হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান অব্যাহত রাখা।
এই পরিস্থিতিতে পরিবারগুলোকে একদিকে স্কুলের বাড়তি খরচ বহন করতে হচ্ছে, অন্যদিকে ইন্টারনেটের অনিয়মিত সংযোগ ও অনলাইন শিক্ষার ব্যয়বহুলতার কারণে বিকল্প শিক্ষাব্যবস্থায় যাওয়াও কঠিন হয়ে পড়েছে।
ইরানের বিভিন্ন শহরের শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য অনুযায়ী, তাপমাত্রা কমে গেলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান হিটিং ব্যবস্থা চালু করতে অস্বীকৃতি জানিয়েছে।
এক শিক্ষার্থী ইরান ইন্টারন্যাশনালকে বলেন, স্কুলে প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া হিটার চালু করা যাবে না।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আরদাবিলের এক শিক্ষার্থী জানান, ৯ নভেম্বর তুষারপাত হলেও স্কুলের রেডিয়েটর বন্ধ ছিল। স্কুল কর্তৃপক্ষ এর কারণ হিসেবে জ্বালানির সংকটের কথা জানিয়েছে।
ওই শিক্ষার্থীর ভাষায়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কিছু শিক্ষার্থী স্কুলে যাতায়াতের সময় ব্যবহারের কম্বল সঙ্গে নিয়ে আসছে।
একই অঞ্চলের তাবরিজে তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলেও শ্রেণিকক্ষের রেডিয়েটর চালু করা হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বরং তাদের নিজেদের নিঃশ্বাসের উষ্ণতায় শ্রেণিকক্ষ গরম রাখার কথা বলা হয়েছে বলে তারা জানান।
উত্তরাঞ্চলীয় চালুস, উত্তর-পশ্চিমাঞ্চলীয় মিয়াদোয়াব এবং তেহরানের কাছাকাছি আব্যেক শহর থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। কোথাও ভারী বৃষ্টি ও বন্যার মধ্যে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে, কোথাও আবার শ্রেণিকক্ষে নেই পর্যাপ্ত তাপের ব্যবস্থা।
আমোল শহরের এক অভিভাবক জানান, তীব্র ঠান্ডার মধ্যে ক্লাস করার পর একটি বেসরকারি স্কুলের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ পরিস্থিতিতে শিশুরা সাধারণ সর্দি-কাশিতে আক্রান্ত হলেও বর্তমান চিকিৎসাব্যয়ের কারণে তাদের চিকিৎসা করানো পরিবারের জন্য কঠিন হয়ে পড়বে।
শিক্ষার্থীদের বক্তব্যে উঠে এসেছে, সমস্যাটি শুধু গ্যাস ব্যবহারে বিধিনিষেধের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থা এবং অর্থায়নের ঘাটতিও এর জন্য দায়ী।
উত্তর ইরানের গিলান প্রদেশের এক শিক্ষার্থী জানান, তাঁদের উচ্চবিদ্যালয়ের রেডিয়েটর গত বছর থেকেই নষ্ট। শুধু প্রধান শিক্ষকের কক্ষে গরমের ব্যবস্থা সচল রয়েছে।
তেহরানের শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে হিটিং ব্যবস্থা না থাকার অভিযোগ করেছেন। এক শিক্ষার্থীর দাবি, তাঁদের স্কুলে বিদ্যুৎ ও গ্যাস—কোনোটিরই পর্যাপ্ত ব্যবস্থা নেই। অন্য একজন জানান, বাজেটের ঘাটতির কথা বলে স্কুল কর্তৃপক্ষ রেডিয়েটর চালু করছে না।
কারাজ শহরের প্রায় ৫০০ শিক্ষার্থীর একটি স্কুলেও শ্রেণিকক্ষে গরমের ব্যবস্থা নেই বলে অভিযোগ উঠেছে। অথচ শিক্ষার্থীদের কাছ থেকে উল্লেখযোগ্য অঙ্কের ভর্তি ফি আদায় করা হচ্ছে।
লোরেস্তান প্রদেশের বোরুজের্দ শহরের এক শিক্ষার্থী স্কুলের ব্যয়ের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, শ্রেণিকক্ষে পর্যাপ্ত গরম বা ঠান্ডার ব্যবস্থা না থাকলেও প্রতিটি কক্ষে দুটি করে নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এদিকে তাবনাকের ৬ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, চারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের ৫০০টির বেশি স্কুলে হিটিং ব্যবস্থা উন্নয়ন ও অন্যান্য সংস্কারকাজ চলছিল। তাপ সরবরাহের সমস্যার কারণে পাঁচ থেকে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনও পিছিয়ে যায়।
স্কুল বন্ধ করে অনলাইন শিক্ষা চালুর বিষয়টিও অনেক পরিবারের জন্য সহজ সমাধান নয়। ইন্টারনেট সংযোগের বিঘ্ন, ডেটা প্যাকেজের উচ্চমূল্য এবং অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ইরান ইন্টারন্যাশনালের ২৭ আগস্ট প্রকাশিত একটি ইনস্টাগ্রাম জরিপে প্রায় ৫৫ হাজার ৫০০ অংশগ্রহণকারীর মধ্যে ৬১ শতাংশ অনলাইন শিক্ষার পক্ষে মত দেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিবারের আর্থিক চাপকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তাঁরা।
অন্যদিকে, ৩৯ শতাংশ অংশগ্রহণকারী সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের পক্ষে মত দেন। তাঁদের যুক্তি, দুর্বল ইন্টারনেট সংযোগ, বিদ্যুৎ বিভ্রাট এবং অনলাইন শিক্ষার মান কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এর পাশাপাশি স্কুলগুলোর বিভিন্ন আর্থিক দাবি অভিভাবকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
ইরান ইন্টারন্যাশনালের ১ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কিছু সরকারি স্কুলে বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল, রক্ষণাবেক্ষণ এবং শ্রেণিকক্ষের সরঞ্জাম কেনার জন্য অভিভাবকদের কাছ থেকে অর্থ চাওয়া হচ্ছে।
আহভাজ শহরের এক শিক্ষার্থী জানান, পরীক্ষার প্রশ্নপত্রের খরচ বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছে ১০ লাখ রিয়াল দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। অর্থ দিতে ব্যর্থ হলে পরীক্ষার ফলাফলে নম্বর কাটা হবে বলেও সতর্ক করা হয়েছে।
তেহরানের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়মিত পরীক্ষার জন্য অভিভাবকদের কাছে ২৫ লাখ রিয়াল দাবি করেছে বলে জানিয়েছেন এক অভিভাবক।
ইরানে শিক্ষার ব্যয় বাড়ার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ও পরিবারগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে সর্বনিম্ন মাসিক মজুরি প্রায় ১৬ কোটি ৬০ লাখ রিয়াল। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ৬১ মার্কিন ডলার।
এই আয়ের মধ্যে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার খরচ সামলানোর পাশাপাশি স্কুলের অতিরিক্ত বিল পরিশোধ করা নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য কঠিন হয়ে পড়েছে।
সব মিলিয়ে ইরানের শিক্ষা খাতে জ্বালানি সংকট, অবকাঠামোগত দুর্বলতা ও অর্থায়নের ঘাটতি একই সঙ্গে চাপ তৈরি করছে। একদিকে সরকার সরাসরি পাঠদান অব্যাহত রাখতে চাইছে, অন্যদিকে পর্যাপ্ত তাপের ব্যবস্থা ছাড়া শীতের মধ্যে স্কুলে যাওয়া শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।
কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানের মানুষ, জানুন ইতিহাস
জমি কেনার আগে যে ১৫টি বিষয় অবশ্যই যাচাই করবেন
গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার
ইরানে নতুন হামলার প্রয়োজন দেখছে না যুক্তরাষ্ট্র, আলোচনায় গতি