মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখতে জিসিসির সমর্থন চায় ইরান

মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর সমর্থন চেয়েছে ইরান। একই সঙ্গে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানকে আঞ্চলিক হুমকি হিসেবে উপস্থাপনের নীতির সঙ্গে একাত্ম না হয়ে মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল ঘোষণার উদ্যোগে জিসিসিভুক্ত দেশগুলোর সমর্থন দেওয়া উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, বিদেশি হস্তক্ষেপমুক্ত আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেই কেবল টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব।

এ ছাড়া ইরানের প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ড্রোন সক্ষমতাকে হুমকি হিসেবে তুলে ধরার প্রচেষ্টারও নিন্দা জানিয়েছে তেহরান।

দেশটির দাবি, এসব সক্ষমতা সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার প্রয়োজন থেকেই গড়ে তোলা হয়েছে। সূত্র: আলজাজিরা