খামেনির ভাষণের স্মৃতিতেই সাজানো হলো শোকমঞ্চ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠানে নির্মিত শোকমঞ্চে তার দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় ভাষণের স্মৃতি তুলে ধরা হয়েছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় স্থাপিত মঞ্চে একটি চেয়ার, একটি টেবিল এবং একটি মাইক্রোফোন রাখা হয়েছে, যা খামেনির পরিচিত ভাষণ দেওয়ার পরিবেশের প্রতীক হিসেবে সাজানো হয়েছে।

জীবদ্দশায় খামেনি তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত তার কম্পাউন্ডের হুসেইনিয়া থেকে নিয়মিত দীর্ঘ বক্তব্য দিতেন। শিয়া মুসলিমদের এই সমাবেশস্থল থেকেই তিনি দেশি-বিদেশি নানা বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতেন। তার এসব ভাষণ নিয়মিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হতো।

বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনার জন্য খামেনির ভাষণ ব্যাপকভাবে পরিচিত ছিল।

তার বক্তব্য শুধু ইরানেই নয়, ইরাক, ইয়েমেন ও লেবাননের বিভিন্ন ইসলামি প্রতিরোধপন্থী গোষ্ঠীর কাছেও গুরুত্বের সঙ্গে অনুসরণ করা হতো।

শেষ বিদায়ের মঞ্চে চেয়ার, টেবিল ও মাইক্রোফোনের এই প্রতীকী বিন্যাসের মাধ্যমে খামেনির দীর্ঘদিনের জনসম্মুখে ভাষণ দেওয়ার ঐতিহ্য এবং তার রাজনৈতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সূত্র: সিএনএন