ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার তীব্র শঙ্কা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তবে এই অঞ্চলের উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৪ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, আমরা এমন একটি শান্তিময় পরিবেশ চাই, যেখানে এই অঞ্চলের সর্বস্তরের মানুষ সম্পূর্ণ শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে। তিনি ইসরায়েলকে 'যুদ্ধে আসক্ত' রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে হুঁশিয়ারি দেন যে, এই অঞ্চলকে আবারও বারুদের গন্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ ইসরায়েলকে দেওয়া উচিত নয়।
উত্তেজনা প্রশমনে সংলাপের ওপর জোর দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা এমন প্রতিটি উদ্যোগকে আন্তরিকভাবে সমর্থন করি, যা এ অঞ্চলে উত্তেজনা কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও ইসরায়েলি নেতৃত্বের তীব্র সমালোচনা করেছিলেন এরদোয়ান। সে সময় তিনি ইসরায়েলের সঙ্গে নাৎসি জার্মানির তুলনা টেনে বলেন, যারা ‘অ্যাডলফ হিটলারকে অনুসরণ করবে’ তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। রক্তের গন্ধ পেয়ে যারা হাঙরের মতো এই অঞ্চলের ওপর ঝাঁপিয়ে পড়ছে, তাদের শিগগিরই এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও তিনি সতর্ক করেন।