মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে সংঘাতের আশঙ্কা

'যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই লক্ষ্যবস্তু করা হবে'

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যে-ই সহযোগিতা করবে, তাকে আর নিরপেক্ষ হিসেবে দেখা হবে না, এমন স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। তেহরান ঘোষণা করেছে, মার্কিন বাহিনীকে সমর্থন বা সহায়তা দেওয়া যেকোনো ব্যক্তি, স্থাপনা বা অবকাঠামো ইরানের সশস্ত্র বাহিনীর কাছে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ড ইউনিট খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনে যে উৎস থেকেই সহায়তা আসুক না কেন, সেটি ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্য হবে।

আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত সব ধরনের সহায়তাকে যুদ্ধের অংশ হিসেবেই দেখা হবে এবং প্রয়োজনীয় জবাব দিতে প্রস্তুত রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

এই ঘোষণার মাধ্যমে তেহরান কার্যত শুধু ওয়াশিংটনকেই নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতাকারী সম্ভাব্য সব দেশ ও পক্ষের প্রতিও কঠোর সতর্কবার্তা ছুড়ে দিল।

ফলে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও নতুন করে জোরালো হয়ে উঠেছে। সূত্র: আলজাজিরা