মার্কিন হামলায় ইরানের খুজেস্তানে নিহত ১

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে রাতভর চালানো মার্কিন হামলায় অন্তত একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে খুজেস্তান প্রদেশের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনীর হামলায় মাহশাহর, বন্দর ইমাম খোমেনি এবং হামিদিয়েহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। রাতভর এসব এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দাবি করা হয়েছে।

ওই নিরাপত্তা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হলেও তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের কাজও চলছে বলে জানানো হয়েছে।

তবে হামলায় অবকাঠামোগত কী পরিমাণ ক্ষতি হয়েছে কিংবা আর কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানের কর্তৃপক্ষ। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত