যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটূক্তির জবাবে একই ভাষায় প্রতিক্রিয়া জানাবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পকে পাল্টা অপমান করার দাবি উঠলেও সে পথ অনুসরণ করবে না তেহরান বলে স্পষ্ট করেছেন তিনি।
পেজেশকিয়ান বলেন, যাঁর হাত শিশুদের রক্তে রঞ্জিত, তাঁর কাছ থেকে এ ধরনের রাজনীতি শেখার কোনো প্রয়োজন নেই। তাঁর এই মন্তব্যকে ইরানের একটি বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের হামলার প্রতি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যেখানে তেহরানের দাবি অনুযায়ী শতাধিক শিশু নিহত হয়েছিল।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি কাউকে অপমান না করে নিজের বক্তব্য প্রকাশ করতে পারেন না। তাঁর ভাষায়, ট্রাম্পের বক্তব্য ও চিন্তাভাবনাই অপমানজনক। তবে এসবের পরও ইরান নিজেদের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে।
এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। একই সঙ্গে তিনি ইরানের নেতাদের উদ্দেশে ‘মিথ্যাবাদী’, ‘আবর্জনা’ এবং ‘হিংস্র ও অসুস্থ মানুষ’ বলেও কটাক্ষ করেন।
দুই দেশের শীর্ষ নেতাদের এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের আলোচনা চললেও উভয় পক্ষের কঠোর অবস্থান সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে। সূত্র: আলজাজিরা