পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত শুরুর জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে ইরান। দেশটির প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ‘দুঃসাহসিক পদক্ষেপের’ জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলায়াতি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্মারক বাতিলের কথা স্বীকার করেছেন। তাঁর ভাষায়, সেই ঘোষণাই আবারও পুরো অঞ্চলকে সংঘাতের আগুনে ঠেলে দিয়েছে।
ভেলায়াতি লেখেন, ইরান আগেই সতর্ক করেছিল যে, এই অঞ্চল ছোট ছোট দেশের রাজনৈতিক জুয়া খেলার জায়গা নয়। অতীতেও তেহরান বারবার প্রমাণ করেছে, যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাব তাৎক্ষণিকভাবেই দেওয়া হয়।
আরও কঠোর ভাষায় তিনি বলেন, ইরানের ‘আঙুল এখনো ট্রিগারের ওপরই রয়েছে’ এবং অপমান কিংবা আগ্রাসী তৎপরতার মুখে দেশটি কখনোই নীরব থাকবে না।
ভেলায়াতির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাকে নতুন করে উসকে দিচ্ছে। সূত্র: ডন
ইরানের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের হামলায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হচ্ছে: জিসিসি
ইরান ইস্যুতে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল