খামেনির দাফনের আগেই মাশহাদে বিমান হামলা

মার্কিন বিমান হামলায় তেহরান-মাশহাদ রেলপথের একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন দাবির পর দুই শহরের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে তেহরান-মাশহাদ রেলপথের একটি অংশে যুক্তরাষ্ট্রের হামলার পর যাত্রীবাহী ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে নিরাপত্তার স্বার্থে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

রেলসেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী বিভিন্ন স্টেশনে আটকা পড়েন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অপেক্ষমাণ যাত্রীরা স্লোগান দিয়ে বলেন, নিজেদের জীবনের বিনিময়েও অপমান মেনে নেবে না ইরানিরা।

মার্কিন হামলার দাবির পর রেল যোগাযোগে এই বিঘ্নতা বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ বৃহস্পতিবারই মাশহাদে দাফন হওয়ার কথা রয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। শোকানুষ্ঠান ও দাফনকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের মাশহাদে যাওয়ার কথা থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে। 

যদিও ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে খামেনির দাফনের নির্ধারিত কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

এদিকে একই সময়ে বুশেহর প্রদেশেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানা এলাকায় আঘাত হেনেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: জেরুজালেম পোস্ট