মার্কিন হামলায় বদলায়নি খামেনির দাফনের সূচি

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

সাম্প্রতিক মার্কিন হামলার কারণে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির শেষকৃত্যের সূচিতে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। তাঁদের দাবি, দাফনের সময়সূচি পিছিয়েছে ঠিকই, তবে সেটির সঙ্গে হামলার কোনো সম্পর্ক নেই।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক রেসুল সারদার আতাসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে তেহরানে খামেনির শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নেওয়া হয় কোম শহরে। পরে ইরাকের পবিত্র শহর কারবালা ও নজাফে জানাজা ও শোকানুষ্ঠান শেষে তা আবার ইরানে ফিরিয়ে আনা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে খামেনির মরদেহ তাঁর জন্মস্থান মাশহাদে পৌঁছানো হয়। শুধু জন্মস্থান হিসেবেই নয়, শিয়া মুসলিমদের অষ্টম ইমাম ইমাম রেজার পবিত্র মাজার সেখানে অবস্থিত হওয়ায় শহরটির বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। ওই মাজারের কাছেই তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এরই মধ্যে রাজধানী তেহরান থেকে মাশহাদগামী রেলপথের একটি সেতুতে মার্কিন হামলার কারণে যোগাযোগ ব্যাহত হওয়ার খবর প্রকাশিত হয়। তবে এতে দাফনের পরিকল্পনায় কোনো প্রভাব পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ইরানি কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, হামলার কারণে শেষকৃত্যের সূচিতে কোনো পরিবর্তন হয়নি।

তাঁদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টায় দাফন সম্পন্ন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রায় আট ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এই বিলম্বের কারণ হিসেবে মার্কিন হামলাকে নয়, বরং বুধবার ইরাকের কারবালা ও নজাফে শোকযাত্রায় বিপুল জনসমাগমের কারণে নির্ধারিত সময়সূচি পিছিয়ে যাওয়াকেই দায়ী করেছেন কর্মকর্তারা। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন