খামেনি হত্যার প্রতিশোধের শপথ আইআরজিসি প্রধানের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না এবং এর সঙ্গে জড়িতদের অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।

আইআরজিসির সংবাদ সংস্থা সেপাহ প্রকাশিত এক বিবৃতিতে ভাহিদি বলেন, ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। বিশেষ করে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে ‘শিশুহত্যাকারী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেতাসহ ইসলামি বিপ্লব ও প্রতিরোধ অক্ষের সব শত্রুর জানা উচিত, কাপুরুষোচিত এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা কখনোই প্রতিরোধের পতাকা নামিয়ে আনতে পারবে না।

ভাহিদি জোর দিয়ে বলেন, শহীদদের রক্তের প্রতিশোধ এবং এই হত্যাকাণ্ডের দায়ীদের শাস্তি নিশ্চিত করা ইরানের জন্য একটি চূড়ান্ত, বৈধ ও অবিস্মরণীয় দাবি হয়ে থাকবে।

এর কয়েক ঘণ্টা আগেই খামেনিকে তাঁর জন্মস্থান মাশহাদে দাফন করা হয়। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় চার মাস আগে তেহরানে খামেনি ও তাঁর পরিবারের চার সদস্য নিহত হন। দাফন সম্পন্ন হওয়ার পরপরই আইআরজিসি প্রধানের এই প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। সূত্র: আলজাজিরা