মার্কিন বিমান হামলায় তিন আইআরজিসি সদস্য নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম

ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক মার্কিন হামলায় প্রাণ হারানো ওই তিন সদস্য আইআরজিসির দায়িত্বে নিয়োজিত ছিলেন। তবে তারা কোথায় নিহত হয়েছেন বা হামলার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় ঘোষিত যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। বুধবারের পর বৃহস্পতিবার (৯ জুলাই) ও উভয় পক্ষের হামলা আগের তুলনায় আরও বিস্তৃত আকার ধারণ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী বার্তা। একদিকে তিনি ধারাবাহিক সামরিক হামলার অনুমোদন দিচ্ছেন, অন্যদিকে দাবি করছেন, এর অর্থ পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়া নয়।

ট্রাম্পের এই অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংকট কোন দিকে মোড় নেবে এবং যুদ্ধবিরতি আদৌ টিকে থাকবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন