হরমুজ প্রণালিকে ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ইরানের সাবেক ও বর্তমান সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি করিডোর রক্ষায় তেহরান দৃঢ় অবস্থানে থাকবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
এএফপির বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, রেজাই বলেন, ‘এই কৌশলগত জলপথ ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বোচ্চ সক্ষমতা দিয়ে এই প্রণালির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে।’
তার এই মন্তব্য এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার জেরে হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। ফলে এই জলপথে যেকোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজার, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।
রেজাইয়ের বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, হরমুজকে কেবল একটি নৌপথ নয়, বরং ইরানের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা কৌশল এবং আঞ্চলিক প্রভাবের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করছে তেহরান। তাই এই প্রণালিকে ঘিরে যেকোনো হুমকাকে ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সূত্র: আলজাজিরা