'হরমুজে মার্কিন হস্তক্ষেপ মানবে না ইরান'

হরমুজ প্রণালি পরিচালনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিফায়েড কমান্ড। একই সঙ্গে ওয়াশিংটনকে সহযোগিতা বা লজিস্টিক সহায়তা দেওয়া দেশগুলোকেও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, ‘হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আমরা মেনে নিই না এবং কখনোই মেনে নেব না।’

তিনি বলেন, তেহরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা বিঘ্নের ঘটনা ঘটলে ইরানি বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

জোলফাঘারি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা কিংবা তাদের আগ্রাসী বাহিনীকে লজিস্টিক সহায়তা দেওয়া ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচিত হবে।’

তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে সংঘাত কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ধারাবাহিকভাবে বেড়েছে। উভয় পক্ষই কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ায় অঞ্চলজুড়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে। সূত্র: আলজাজিরা