ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইন। দেশটির সামরিক বাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলাগুলো ঠেকিয়ে দিয়েছে এবং ইরান পরিকল্পিতভাবে বেসামরিক মানুষ ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্যবস্তু করছে।
সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে বাহরাইনের সামরিক বাহিনী জানায়, সকালে উপসাগরীয় দেশটিকে লক্ষ্য করে ইরান একাধিক ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ আকাশ হামলা চালায়। তবে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সন্দেহজনক ধ্বংসাবশেষের কাছে না যাওয়ার এবং এমন কিছু দেখতে পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানানো হয়েছে।
বাহরাইনের সেনাবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী বর্তমানে ‘উন্নত যুদ্ধ প্রস্তুতি’ অবস্থায় রয়েছে। একই সঙ্গে মাতৃভূমি রক্ষায় দায়িত্ব পালনকারী সেনাসদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বনিষ্ঠারও প্রশংসা করা হয়েছে।
তবে বাহরাইনের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: আলজাজিরা
ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে আবারও বিস্ফোরণ
তিন দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা
ওমানের ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রকাশ্য ও গোপন চাপের’ অভিযোগ ইরানের